তথ্য অধিকার আইনের বিধিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন
তথ্য কমিশনকে শক্তিশালী ও তথ্য অধিকার আইনের বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছে তথ্য অধিকার আন্দোলন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে নেতারা এ দাবি করেন।সংগঠনের নেতারা অভিযোগ করেন, আইনটির কোনো বিধিমালা না থাকায় এর বাস্তবায়ন নেই। বিধিমালার অভাবে কমিশন কোনো অভিযোগও গ্রহণ করে না। মন্ত্রণালয়সহ সব সরকারি কার্যালয়ে শক্তিশালী তথ্যসেল প্রতিষ্ঠারও দাবি জানান তাঁরা।সংগঠনের সদস্য-সচিব জাকির হোসেন বলেন, সরকারি পর্যায়ে এই আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ পর্যাপ্ত নয়। এমনকি মাঠপর্যায়ের কর্মকর্তারা বিষয়টি জানেনই না। এই আইনের গেজেটও তাঁদের কাছে পৌঁছেনি।নাগরিক উদ্যোগের অমিত রঞ্জন দে বলেন, বিধিমালা ছাড়াও তথ্য কমিশনের আর্থিক স্বাধীনতা নেই—রয়েছে জনবল-সংকটসহ বিভিন্ন ধরনের জটিলতা।তথ্য অধিকার আন্দোলনের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে নাগরিক উদ্যোগ, যুব নাগরিক জোট, গ্রিন ভয়েস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলন, দলিত নারী ফোরাম, পার্টনারশিপ অব উইমেন ইন অ্যাকশনসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।