তথ্য গোপন করে হাইকোর্ট থেকে পাঁচ আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি অস্ত্র মামলায় তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন তালিকাভুক্ত পাঁচ আসামি। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গত ১৭ অক্টোবর ওই পাঁচ আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। ৬ নভেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন আদালত। কিন্তু এর আগে জাল-জালিয়াতির মাধ্যমে গত ২১ অক্টোবর হাইকোর্ট থেকে আসামিরা জামিনে বেরিয়ে যান। তাঁরা হলেন: আবদুল জলিল, আবদুল জব্বার, নওশাদ আলী, শহীদুল ইসলাম ও আবদুস সবুর (দীপু)।মহানগর দায়রা জজ আদালতে পাঁচ আসামির পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী পবিত্র কুমার কুন্ডু। গত মঙ্গলবার শুনানি করতে গিয়ে তিনি জানতে পারেন, আসামিরা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। পবিত্র কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমি নিজেও বিব্রত।’নথি পর্যালোচনায় দেখা যায়, মহানগর হাকিম আদালতে পাঁচ আসামির পক্ষে জামিননামা দাখিল করেন নাসরিন আরা নামে এক আইনজীবী। মামলার নথিতে সংযুক্ত ওকালতনামার অপর পৃষ্ঠায় মামলা পরিচালনাকারী হিসেবে তাঁর কোনো স্বাক্ষর নেই। ওকালতনামায় তদবিরকারক হিসেবে স্বাক্ষর রয়েছে সূত্রাপুর থানা এলাকার মো. হানিফের ছেলে সুমনের।মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদনের নিষ্পত্তি না হওয়ার পরও কীভাবে আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেছেন—এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক জহুরুল হক। একই সঙ্গে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলিকে নথি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার একই আসামিদের আরও একটি জামিনের আবেদন খারিজ করে একই আদেশ দিয়েছেন আদালত।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আসামিরা জাল-জালিয়াতির মাধ্যমে হাইকোর্টে জামিনের আবেদন করেন। এতে তাঁরা উল্লেখ করেন, মহানগর দায়রা জজ আদালতে তাঁদের জামিনের আবেদন নাকচ হয়েছে। অথচ তাঁদের জামিন আবেদনের শুনানিই হয়নি।মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, এক সংঘবদ্ধ দালাল চক্র ইতিপূর্বে নিম্ন আদালতের কাগজপত্র জাল করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে।এই আদালতের অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার বলেন, ৬ নভেম্বর জামিনের আবেদন নামঞ্জুর হলে আসামিরা উচ্চ আদালতে যেতে পারতেন। কিন্তু তাঁরা উচ্চ আদালতে তথ্য গোপন করে জাল কাগজপত্র দিয়ে জামিন নিয়েছেন, এটা গুরুতর অপরাধ। গত ২১ অক্টোবর হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দেন।গত ২১ সেপ্টেম্বর রাজধানীর ওয়ারী থানার শশী মোহন বসাক লেনের দিলীপ মাঠে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাজী জসিম উদ্দিন অস্ত্র আইনে এ মামলা করেন। গত ২৭ সেপ্টেম্বর মহানগর হাকিম রেজাউল করিম আসামিদের জামিনের আবেদন নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। এ মামলায় ২৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল।