তথ্য দেওয়ার ক্ষেত্রে এনজিওগুলো সরকারি প্রতিষ্ঠানের চেয়ে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশার মোহাম্মদ জমির বলেছেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো (এনজিও) তথ্য অধিকার আইন বাস্তবায়ন সম্পর্কে সরকারি প্রতিষ্ঠানের সমালোচনা করে। কিন্তু তথ্য দেওয়ার ক্ষেত্রে এনজিওগুলো সরকারি প্রতিষ্ঠানের চেয়েও অনেক পিছিয়ে আছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ‘তথ্য অধিকার আইন ও বিধিমালা ২০০৯: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক এ আলোচনায় মোহাম্মদ জমির আরও বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর কমিশন থেকে ডেপুটি কমিশনার এবং দেশের এনজিওগুলোর কাছে তথ্য কর্মকর্তা নিয়োগসহ অন্যান্য বিষয়ে আটটি তথ্য চাওয়া হয়েছিল। এতে ডেপুটি কমিশনারদের কাছ থেকে যে সাড়া পাওয়া গেছে, তা হতাশাজনক। তার চেয়েও বেশি হতাশ করেছে এনজিওগুলো। মাত্র নয়টি এনজিও কমিশনের চিঠির জবাব দিয়েছে। সুতরাং সরকারি প্রতিষ্ঠানের সমালোচনা করার আগে তাদের নিজেদেরও কাজ করে দেখাতে হবে।’মোহাম্মদ জমির জানান, অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের পাঠ্যসূচিতে তথ্য অধিকার আইন অন্তর্ভুক্ত করার জন্য তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরামর্শ দিয়েছেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম ব্রিটিশ আমলের তৈরি অফিস সিক্রেসি অ্যাক্ট বাতিলের সুপারিশ করে বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমেই রাষ্ট্রের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য গোপন রাখা সম্ভব।বেসরকারি প্রতিষ্ঠান মানুষের জন্যর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ঔপনিবেশিক শাসনামল থেকে সরকারি কর্মকর্তাদের মানসিকতা হলো তথ্য গোপন করা। এই মানসিকতা থেকে বের হতে সময় লাগবে।আলোচনায় ব্লাস্টের লিখিত সুপারিশে বলা হয়েছে, প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্যভান্ডার তৈরি করতে হবে। সব মানুষের যে তথ্য পাওয়ার অধিকার রয়েছে, সে বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানকে তথ্য দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করার পাশাপাশি কড়া নির্দেশনা দিতে হবে।ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টি আওলাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে কর্মকর্তারা বলেন, তথ্য চাওয়া তো দূরের কথা, সাধারণ মানুষ এখনো সরকারি দপ্তরে যেতে ভয় পায়। আর যাঁরা তথ্যের জন্য সরকারি দপ্তরে যান, তাঁদের নানা হয়রানির শিকার হতে হয়।