তথ্য দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দাপ্তরিক গোপনীয়তা আইনের’ বেড়াজাল থেকে সরকারি কর্মকর্তারা বেরিয়ে আসতে পারছেন না। তথ্য দেওয়ার সময় এখনো তাঁদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তথ্য অধিকার আইন নিয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ মন্তব্য করেন। রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, ১৯২৩ সালের দাপ্তরিক গোপনীয়তা আইনের আওতায় তথ্য দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের কঠোর সাজা পেতে হতো। সরকারি কর্মকর্তাদের মধ্যে ওই আইনের প্রভাব এখনো রয়ে গেছে। নতুন আইনে তথ্য না দিলে সাজার বিধান রাখা হয়েছে। তথ্য না দেওয়ার এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা তথ্য অধিকার আইনকে ‘আলো’র সঙ্গে তুলনা করে বলেন, ‘এক সপ্তাহ আগে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় দুটি বাধা হলো দুর্নীতি ও আইনের শাসনের অনুপস্থিতি। দুর্নীতিবাজ, অদক্ষ ও অলসদের চিহ্নিত করার ক্ষেত্রে এই আলো সর্বোত্তম হাতিয়ার হবে বলে আমার বিশ্বাস।’তবে তথ্য অধিকার আইন প্রয়োগ করে যে ধরনের তথ্য চাওয়া হচ্ছে তা সুশাসন প্রতিষ্ঠায় কতটা কার্যকর ভূমিকা রাখবে, এ বিষয়ে প্রশ্ন তোলেন তথ্য কমিশনার এম এ তাহের। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির বহু অভিযোগ পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু কোনো সাংবাদিক এ সম্পর্কিত তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ে চাননি। যোগাযোগ মন্ত্রণালয় পুরো দরপত্র প্রক্রিয়া সম্পর্কে তথ্য দিতে অপারগতা জানালে কমিশন ব্যবস্থা নিতে পারত।তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, তথ্য দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে এখনো একধরনের ভীতি কাজ করছে। তাঁরা যেন তথ্য দেওয়ার কারণে কোনো রকম অসুবিধায় না পড়েন, সেদিকে লক্ষ্য রাখতে হবে।কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিক এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা জানান, তথ্য অধিকার আইনের তথ্য চেয়ে তাঁরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। ইংরেজি দৈনিক দি ইনডিপেনডেন্ট পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা বলেন, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগে নির্দিষ্ট ফরম পূরণ করে তিনি তথ্য চান। তিনি তথ্য পাননি এবং ওই দুই অফিসের কর্মকর্তাদের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে।যশোরের স্থানীয় পত্রিকা গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম বলেন, তথ্য অধিকার আইনের আওতায় পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পত্রিকায় তিনটি প্রতিবেদন ছাপা হয়েছে। কিন্তু কর্মকর্তাদের কাছে ফরম নিয়ে গেলে তাঁরা বিরক্ত হচ্ছেন এবং বলছেন, ‘আবার আপনি ঝামেলা করতে এসেছেন।’ এ ছাড়া জেলা প্রশাসক তথ্য অধিকার আইন ও ই-তথ্যসেবাকে প্রায়ই গুলিয়ে ফেলছেন।কর্মশালায় তথ্য অধিকার আইনে তথ্যের চাহিদা ও জোগান সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করেন বার্তা সংস্থা এপির বাংলাদেশ ব্যুরোপ্রধান ফরিদ হোসেন ও মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা সানজিদা সোবহান। গতকাল একই অনুষ্ঠানে এমআরডিআইয়ের তথ্য অধিকার আইন-কাঠামো ও প্রয়োগ এবং তথ্য প্রকাশ নীতি সহায়িকা শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।