তথ্য প্রকাশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে আন্তরিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো স্বচ্ছতার দাবি নিয়ে মাঠেঘাটে অনেক কথা বললেও নিজেদের কার্যক্রমে খুব বেশি স্বচ্ছতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির। তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো তথ্য প্রকাশে আন্তরিক হলে দেশে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের এলজিইডি ভবনে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত ‘চ্যালেঞ্জিং প্রিটেইনিং টু দি ইফেকটিভ ইমপ্লিমেন্টেশন অব দি আরটিআই প্রসেস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার এ মন্তব্য করেন। বিইআইর সভাপতি ফারুক সোবহানের সঞ্চালনায় কর্মশালায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী। প্রধান তথ্য কমিশনার বলেন, গত বছরের ৩১ মার্চ মাত্র নয়টি বেসরকারি উন্নয়ন সংস্থায় তথ্য কর্মকর্তা ছিলেন। এখন ৩১০টি বেসরকারি এবং ছয় হাজার ৭০০ সরকারি কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা রয়েছেন। কর্মশালায় তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ সচিব আবদুর রব হাওলাদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।