তথ্য মন্ত্রণালয়কে প্রতিবেদনের সিডি দিল টিআইবি
সাংসদদের কর্মকাণ্ড নিয়ে করা প্রতিবেদনের অনুলিপি (কপি) তথ্য মন্ত্রণালয়কে দিয়েছে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।গতকাল রোববার টিআইবির পক্ষ থেকে গবেষণা প্রতিবেদন ও প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তসংবলিত একটি সিডি মন্ত্রণালয়ে দেওয়া হয়। তথ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।টিআইবিও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবির এই গবেষণা প্রতিবেদন সম্পর্কে তথ্যমন্ত্রী তথা সরকারের আগ্রহে আমরা অনুপ্রাণিত। আশা করি এই গবেষণা প্রতিবেদন ও সুপারিশগুলোকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, যেন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভিত আরও সুদৃঢ় হওয়ার পথ সুগম হয়।’বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিবেদনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা পদ্ধতি অনুসরণ করে সাংসদদের ইতিবাচক ও নেতিবাচক ভূমিকার পর্যালোচনা করা হয়েছে। একে কোনো ব্যক্তিবিশেষের কার্যক্রমের ওপর তদন্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।গত ১৪ অক্টোবর টিআইবি সাংসদদের কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ১৪৯ সাংসদের ৯৭ শতাংশ নেতিবাচক কাজের সঙ্গে জড়িত। প্রতিবেদনের এ সংক্রান্ত তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকে সরকারের বিভিন্ন পর্যায়ে সমালোচনা করা হচ্ছে। ১৮ অক্টোবর চিঠি দিয়ে টিআইবির কাছে প্রতিবেদনের অনুলিপি চায় তথ্য মন্ত্রণালয়।