তথ্য যাচাইয়ে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে ডিপিডিসির সমঝোতা স্মারক সই

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ডিপিডিসির উপসচিব মো. আসাদুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেনছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) গ্রাহকদের জমির দলিলের তথ্য যাচাইয়ে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার এবং উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করবে ডিপিডিসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় ডিপিডিসি বিদ্যুৎ–সংযোগ দেওয়ার আগে ভূমি মন্ত্রণালয়ের তথ্যভান্ডার ব্যবহার করতে পারবে। তথ্যভান্ডার ব্যবহার করে এপিআইয়ের মাধ্যমে বিদ্যুৎ–সংযোগের জন্য আবেদনকৃত জমির দলিল ও নামজারি যাচাই করা যাবে। এ ছাড়া জমির মালিকের নাম, মিউটেশনের কেস নম্বর, মিউটেশনের বছর, মৌজা, খতিয়ান, দাগ নম্বর, খাজনা–সম্পর্কিত তথ্য জানাও সহজ হবে। অন্যদিকে ভূমি মন্ত্রণালয় ডিপিডিসির ডেটাবেইস থেকে গ্রাহকের বিদ্যুৎ–সংযোগের ধরন–সম্পর্কিত তথ্য জানতে পারবে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ডিপিডিসির উপসচিব মো. আসাদুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানসহ ভূমি মন্ত্রণালয় ও ডিপিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।