তথ্যকেন্দ্রে ফাইলের স্তূপ খুঁজে পাওয়া বড় দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে যাওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ভিকটিমের জখমের সার্টিফিকেট, কত দিন হাসপাতালে ছিলেন ইত্যাদি তথ্য প্রয়োজন। ফলে মামলার তদন্ত কর্মকর্তা এসব তথ্যের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যকেন্দ্রে (রেকর্ড সেন্টার) আবেদন জানান। এ ছাড়া মামলায় জমা দেওয়া চিকিৎসা সনদের সত্যতা যাচাই, বিমার টাকা তোলার জন্য মৃত্যু সনদ বা সন্তানের জন্ম নিবন্ধনের জন্য অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই কেন্দ্রে আবেদন জানাচ্ছেন। আবার চিকিৎসাসংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে আগে এখানে চিকিৎসা নিয়েছেন—এমন অনেকে পুরোনো রেকর্ড সংগ্রহের জন্য কেন্দ্রের শরণাপন্ন হন। প্রতি মাসে এই কেন্দ্রে এ ধরনের গড়ে ৩০-৪০টির মতো আবেদনপত্র জমা পড়ছে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে রোগীর নামে একটি ফাইল তৈরি হয়। হাসপাতাল ছাড়ার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে সেই ফাইল তথ্যকেন্দ্রে জমা হচ্ছে। সরেজমিনে কেন্দ্রের বিভিন্ন শেলফে, মেঝেতে স্তূপ করে রাখা ফাইলপত্র দেখা গেছে। কবে থেকে এই রেকর্ড রাখা হচ্ছে বা বর্তমানে কত রেকর্ড আছে, কেন্দ্রের কর্মরত ব্যক্তিরা তা জানেন না। ডিজিটাল বা বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংরক্ষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। অথচ কেন্দ্রে দুটি কমপিউটার আছে। তবে তা চালানোর জন্য দক্ষ লোক নেই। গত বছর থেকে কমপিউটারে শুধু মৃত্যুর তথ্যগুলো সংরক্ষণ করা হচ্ছে। জানা গেছে, কেন্দ্রে স্তূপ করে রাখা ফাইল থেকে প্রয়োজনীয় ফাইল খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রে কর্মরত একজন বলেন, ‘ভাগ্য ভালো থাকলে কোনো কোনো তথ্য খুব সহজেই পেয়ে যাই, আর কোনো কোনো তথ্য পেতে ১০ দিন লেগে যায়।’ ধুলায় নথি নষ্ট হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দিনের পর দিন ধুলার মধ্যে কাজ করে কর্মীরা এখনো যে যক্ষ্মায় মরেননি—সেটাই ভাগ্যের বিষয়। পরে তো নথির কথা।’শুধু নথি নয়, ঘর ঝাড়ু দেওয়ার কোনো সুইপার নেই কেন্দ্রে। পাঁচজন রেকর্ডকিপার (তথ্য সংরক্ষক) পদের মধ্যে একজন অবসরে চলে গেছেন। একজন জরুরি বিভাগে ইনচার্জের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনজন তথ্য সংরক্ষকসহ পাঁচজন জনবল দিয়ে চলছে এই কেন্দ্রটি। কেন্দ্রের ফাইলগুলো গুরুত্বপূর্ণ হলেও ফটকে নেই কোনো নিরাপত্তাকর্মী।কর্মরত ব্যক্তিদের মতে, হাসপাতাল ভবনের দোতলায় নিউ এক্সটেনশন ইউলিটি ভবনে ২০০০ সালে কেন্দ্রটি যাত্রা শুরু করে। এ কাজে অন্তত ৬০ জন লোক দরকার। তথ্য সংরক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের তেমন কোনো সুযোগ নেই। পদোন্নতিরও নেই কোনো সুযোগ।জানা গেছে, হাসপাতালে জন্ম-মৃত্যুর নথিসহ কিছু নথি কখনোই নষ্ট করা যাবে না। অন্যান্য তথ্য ১০ বছর পর্যন্ত সংরক্ষণ করতে হয়। অথচ হাসপাতালের অন্যান্য বিভাগ থেকে এটি অনেকটাই অবহেলিত বলে অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জনবল বাড়ানো ও কমপিউটার নেটওয়ার্কিং এখন সবচেয়ে জরুরি। কেননা, মূল্যবান নথি যথাযথভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেলোয়ার জানান, তিনি আশির দশক থেকে তথ্য সংরক্ষক পদে কাজ করছেন। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজ করে দুই বছর আগে এ পদে যোগ দেন।