তথ্যের অভাব ফিস্টুলা প্রতিরোধে বড় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞরা বলছেন, তথ্যের অভাব বাংলাদেশে প্রসবজনিত ফিস্টুলা রোগ প্রতিরোধে বড় বাধা। বর্তমানে ১০টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ফিস্টুলা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী সেবা দেওয়া হলেও এ রোগ চিহ্নিত করার ক্ষেত্রে প্রক্রিয়াগত ঘাটতি আছে।
গত মঙ্গলবার রাজধানীর সিরডাপ সম্মেলন কেন্দ্রে ফিস্টুলা প্রতিরোধে জাতীয় কৌশলপত্র প্রণয়ন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আলোচকেরা বলেন, প্রসবের সময় শিশুর মাথার চাপে প্রসূতির মূত্রথলি, পায়ুপথ ও যোনিপথের মাংসপেশি রক্তস্বল্পতাজনিত ক্ষতিগ্রস্ত হয়। তখন মূত্রথলি ও পায়ুপথের সঙ্গে যোনিপথের সংযোগ সৃষ্টি হওয়ায় অনবরত মলমূত্র বের হয়। এটাই প্রসবজনিত ফিস্টুলা।
বর্তমানে বাংলাদেশে ফিস্টুলা আক্রান্ত রোগীর সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান নেই। সর্বশেষ ২০০৩ সালের এক জরিপ অনুসারে, বাংলাদেশের প্রতি এক হাজার বিবাহিত নারীর মধ্যে ১ দশমিক ৬৯ জন প্রসবজনিত ফিস্টুলার শিকার।
এ বিষয়ে ইউএনএফপিএর বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মাটাভেল পিচ্চিন বলেন, গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ফিস্টুলা প্রতিরোধে কাজ করে এলেও এ ক্ষেত্রে হালনাগাদ পরিসংখ্যানের অভাব একটি বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানও ফিস্টুলা প্রতিরোধে হালনাগাদ তথ্যের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হক।