কিশোর সাগরের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার আবদুল জলিল মণ্ডলকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজ রোববার কাজ শুরু করবে।গত শুক্রবার ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ এ কমিটি গঠন করেন। গত ২৯ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাগর (১৬) নামের এক কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে হূদেরাগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর সন্ধ্যা সাতটায় সে মারা যায়। সাগর নয়ানগরে একটি গ্রিল তৈরির কারখানার মিস্ত্রি হিসেবে কাজ করত। তার মায়ের অভিযোগ, গ্রেপ্তারের পর দাবিমতো টাকা না পেয়ে পুলিশ তাঁর ছেলেকে পিটিয়ে মেরেছে। পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় সাগর গণপিটুনিতে আহত হয়েছিল।জানতে চাইলে পুুলিশের যুগ্ম কমিশনার আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, সাপ্তাহিক ছুটির কারণে তিনি চিঠি হাতে পাননি। আজ রোববার চিঠি হাতে পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) গাজী মোজাম্মেল হক বলেন, এই বিভাগের অতিরিক্ত উপকমিশনার ও সহকারী কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।