তদন্ত কমিটি গঠিত রিপোর্ট দেওয়ার নির্দেশ তিন দিনের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয়নগর এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। গত শনিবার ভোরে বিজয়নগরে ১৭৫, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির (পুরোনো ২৪/এ বিজয়নগর) স্কাইলার্ক পয়েন্ট নামের ১২তলা একটি ভবনের ছয়তলায় স্টেপ মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। এতে ওই প্রতিষ্ঠানের তিনজন কর্মচারী ইয়াকুব, মিনারুল শেখ (২৫) ও রাহাত ফারুকি নিহত হন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এম আবদুস সালাম জানান, গতকাল সকালে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক শেখ মো. মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন ফায়ার সার্ভিসের ঢাকা জেলার (জোন-৪) উপসহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুল হালিম। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, ঘটনার দিন স্টেপ মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ লাশের ময়নাতদন্ত না করার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। জেলা প্রশাসকের অনুমতি পাওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই কর্তৃপক্ষ লাশ নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।