জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীদের দাবি, মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তারা স্থানীয় আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া সাক্ষ্য নিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছেন।গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে বলেন, তদন্তকারী কর্মকর্তারা পিরোজপুরের কিছু নির্দিষ্ট আওয়ামী লীগ সমর্থকের সাক্ষ্য নিয়ে একটি ভুয়া প্রতিবেদন তৈরি করেছেন। এই ভুয়া তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আটক নেতাদের আইনজীবী প্যানেলের সদস্য মুন্সী আহসান কবীর, তানভীর আহমেদ আল-আমিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।তাজুল ইসলাম বলেন, ২ ও ৩ ডিসেম্বর সাঈদীর আট আইনজীবীসহ মোট ২৩ জন পিরোজপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এ বিষয়টি জানতে পেরেছেন। কিন্তু স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বাধার কারণে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যায়নি। গত ৩ অক্টোবর ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ (হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ প্রভৃতি), গণহত্যা এবং এ ধরনের অপরাধে সহযোগিতার জন্য ২০টি অভিযোগ গঠন করেন। ৭ ডিসেম্বর থেকে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য রয়েছে।