রামুসহ কয়েকটি স্থানে বৌদ্ধ সম্প্রদায় ও তাদের মন্দিরসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে নেওয়া পদক্ষেপ জানাতে এবং সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরি-প্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ সময় মঞ্জুর করেন।হামলার ঘটনা নিয়ে রামু উপজেলার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ৩ অক্টোবর হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছিলেন। এতে ওই ঘটনায় নেওয়া পদক্ষেপ জানাতে এবং তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে ১৭ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ সময় সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়।গতকাল রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষে নেওয়া পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। আর স্বরাষ্ট্রসচিবের পক্ষে সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও গৃহীত পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদন জানানো হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আইজিপি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন। স্বরাষ্ট্রসচিবের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে-সংক্রান্ত প্রতিবেদন সময়স্বল্পতার কারণে দেওয়া সম্ভব হয়নি।