তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা চাকমা অপহরণের তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন। গতকাল শনিবার রাজধানীতে জাতীয় জাদুঘরের সামনে পাঁচ দফা দাবিতে সংগঠনের মানববন্ধন চলাকালে এ দাবি জানানো হয়।কল্পনা চাকমা অপহরণের ১৪ বছর পূর্তি উপলক্ষে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা কল্পনা চাকমাকে জাতিগত নিপীড়ন ও বঞ্চনার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তাঁরা অবিলম্বে কল্পনা চাকমা অপহরণের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে সরকারের প্রতি আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিউসিং মারমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, নারীনেত্রী ফরিদা আখতার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মং ওয়েসিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাবলু চাকমা প্রমুখ।মানববন্ধনে সংহতি প্রকাশ করে এতে অংশ নেয় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী সংগ্রাম পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ, সম্মিলিত নারী সমাজ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।