তরুণ নেতৃত্ব সম্মেলনে বিশ্বসেরা এনএসইউ প্রতিনিধিদল
জাতিসংঘ আয়োজিত ‘বিশ্ব তরুণ নেতৃত্ব সম্মেলন’-এ বিশ্বসেরা প্রতিনিধিদলের সম্মাননা অর্জন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি প্রতিনিধিদল। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গত ২৬ থেকে ২৯ মার্চ এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে ৬৪টি রাষ্ট্রের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে জাতিসংঘের কর্মকাণ্ড ও কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিশ্বনেতাদের আদলে যুক্তিতর্ক উপস্থাপন করেন। ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা, পারমাণমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা, আফ্রিকান দেশগুলোতে শান্তির স্থিতিশীলতা আনার কর্মসূচির সাফল্য, এইচআইভি বা এইডস প্রতিরোধে যুবসমাজের পারস্পরিক সম্পর্ক, অর্থ-সহায়তাসহ চলমান আলোচিত দিক নিয়ে মতামত তুলে ধরা হয় সম্মেলনে।চার দিনব্যাপী এই সম্মেলনে সব দলকে পেছনে ফেলে সেরার মর্যাদা অর্জন করে এনএসইউর প্রতিনিধিদল।বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত প্রতিনিধিদলের উপদেষ্টা জুনায়েদ নূর আলম বলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের ইতিহাসে অসামান্য অর্জনের ঘটনা এটি। ২০ সদস্যের এই প্রতিনিধিদলের প্রধান হিসেবে আছেন আহনাফ তাহমিদ। এনএসইউ কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার কথা জানিয়েছে। বিজ্ঞপ্তি।