তরুণ প্রজন্ম দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যেন তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছে। তিনি ব্লগার রাজীব হত্যার নিন্দা জানিয়ে বলেন, ঘাতকেরা তাঁর জীবন নিতে পারে। কিন্তু আদর্শের মৃত্যু নেই। যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই।গতকাল শনিবার মগবাজার রেলক্রসিং এলাকায় ‘মগবাজার-মৌচাক’ ফ্লাইওভার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। চার লেনবিশিষ্ট ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য ৮ দশমিক ২৫ কিলোমিটার। ৭৭২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির ২০০ কোটি ৪৭ লাখ সরকারের নিজস্ব অর্থায়ন, ৩৭৫ কোটি ২৫ লাখ টাকা সৌদি সরকার এবং ১৯৬ কোটি ৯৮ লাখ ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়ন করবে। গত ১৮ ডিসেম্বর থেকে প্রকল্পটির কাজ শুরু হয়েছে। বাস্তবায়নকাল ধরা হয়েছে দুই বছর। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের যে চেতনা হারিয়ে গিয়েছিল, তরুণ প্রজন্ম তা জাগ্রত করেছে। যে চেতনা জেগেছে তাতে আমি আশাবাদী তরুণেরাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারে।’ যুদ্ধাপরাধীদের বিচার হবেই বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ মানুষের সরকার। আমরা সব সময়ই জনগণের উন্নয়নের জন্য কাজ করি। গত চার বছরে আমরা ব্যাপক উন্নয়ন সাধন করেছি।’ তিনি বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণকাজ সম্পন্ন হলে রাজধানীর আটটি মোড়ে যানজট সমস্যার নিরসন হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যখন আজকের প্রজন্ম জেগে উঠেছে, তখন ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা শেষ ছোবল হেনেছে। তিনি বলেন, মির্জা ফখরুল ১৮ দলীয় জোট আরও সুসংহত হয়েছে বলার পরই রাজীব নিহত হয়েছেন। তাঁর বক্তব্য ১৬ কোটি মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জে জয়ী হতে হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, মানবতাবিরোধীদের বিচার বানচাল করতে স্বাধীনতাবিরোধীরা মারমুখী হয়ে উঠেছে। তাই তরুণ প্রজন্মের প্রতিবাদের বিস্তৃতি ঘটাতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাছের আল-বুসাইরি, সাংসদ সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমান।