তরুণ বিজ্ঞানীদের চিন্তাই দেশকে বদলে দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অনেক সমস্যার সমাধান দিতে পারে একমাত্র তরুণেরাই। তরুণ বিজ্ঞানীদের চিন্তাই দেশকে বদলে দিতে পারে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনলাইন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনএফপিএ) এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘এ’ দলে প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি মাধ্যমে আলাদাভাবে প্রথম হয়েছে যথাক্রমে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রোজ লি চাকমা ও ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সেগুফতা আরমিন আহসান। ‘বি’ দলে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রথম হয়েছে যথাক্রমে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কায়সার আহমেদ ও নটর ডেম কলেজের আবদুল্লাহ হাসান। ‘জনসংখ্যা এবং উন্নয়ন (পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট)’ শিরোনামের প্রতিযোগিতায় ৩২৫টি রচনা জমা পড়ে। ইংরেজি ও বাংলা দুই দলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘এ’ দলে ১৫ থেকে ১৬ বছর ও ‘বি’ দলে ১৭ থেকে ১৮ বছর বয়সীরা ছিল। ফেসবুকে প্রতিযোগিতার প্রচারণা চালানো হয়।প্রতিটি দলের শীর্ষস্থানীয় আটজনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে ইউএনএফপিএর এদেশীয় প্রতিনিধি আর্থার আরকান বলেন, প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে জনসংখ্যা এবং উন্নয়ন বিষয়ে সচেতন করা।অনুষ্ঠানে কথাশিল্পী আনিসুল হক, এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, মডেল ও অভিনেতা ইমন ও মীম বক্তব্য দেন। এ ছাড়া এস আই টুটুল ও কনা গান শোনান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী মুনমুন।