তরুণ সাংবাদিক ইহসান হত্যার বিচার চেয়ে মানববন্ধন

তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা হত্যার রহস্য উন্মোচনের দাবিতে মানববন্ধন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে।  ছবি: সংগৃহীত
তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা হত্যার রহস্য উন্মোচনের দাবিতে মানববন্ধন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে। ছবি: সংগৃহীত

তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজন ও সহকর্মীরা। হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবিতে গতকাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তাঁরা।

ইহসান রেজা অনলাইন পোর্টাল প্রিয় ডট কমের ইংরেজি বিভাগের সাবেক সহসম্পাদক। একসময় চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন তিনি। গত ২১ মে একটি অনলাইন পোর্টালে যোগদানের বিষয়ে সাক্ষাৎকার দিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই বাড়ির সঙ্গে ইহসানের যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাতে জামালপুরের রানাগাছা নামক স্থানে ঢাকা-জামালপুর রেললাইনের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় হত্যা মামলা হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে ইহসানের বাবা কাকন রেজা বলেন, ‘একজন বাবার জন্য এই অবস্থায় কথা বলা কষ্টকর। একটা কথাই বলতে চাই, আমরা কি শুধু জানতে পারি, কেন ওকে হত্যা করা হলো? কী ওর অপরাধ ছিল? কেন ওকে এভাবে খুন করা হলো।’

মানববন্ধনে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘পৃথিবীতে অনেক রকম ভার আছে, কিন্তু সন্তান হারানোর ভারের কাছে এমন বেদনাদায়ক ভার মানুষের জীবনে আর নেই। আজকে আমাদের এক সন্তানহারা পিতা রয়েছেন। এটা পিতামাতারই ভার নয়, আমরা যারা আত্মীয়স্বজন, আমরা যারা সাধারণ নাগরিক, আমি মনে করি, এই ধরনের মৃত্যু, এই ধরনের নিঃশব্দ পরিস্থিতি সবার জন্য বেদনাদায়ক।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘প্রতিদিনই কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে। আর আমি ডিআরইউর সভাপতি হিসেবে প্রতিদিনই হত্যা, নির্যাতন, হয়রানির বিচার দাবি করছি। প্রতিদিনই বিচার দাবি করতে করতে ক্লান্ত, তবু থামছে না এসব অপকর্ম, হত্যাযজ্ঞ।’