তরুণী সমাবেশে চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন ছিল অন্য রকম। প্রাঙ্গণে ঢুকতেই লাল-গোলাপ শুভেচ্ছা তরুণীদের। যাঁরা ৫০ বা ৬০ পেরিয়েছেন, সেসব নারী হাতে পাওয়া লাল গোলাপটি গুঁজে নেন খোঁপায়। বয়স ভুলে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার করেন সবাই। গতকাল মঙ্গলবার জাদুঘর প্রাঙ্গণে বসে তরুণী সমাবেশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম, ফারজানা ইয়াসমীন ও পর্বতারোহী নিশাত মজুমদার তাঁদের কাহিনি শোনান। সমাবেশে বলা হয়, আজকের তরুণীকে আগামী দিনে সমতাভিত্তিক সমাজ গড়ার সফল কারিগর হয়ে উঠতে হবে।বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের অর্জন অনেক। এসব অর্জন টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে। তা না হলে পাহাড়ের চূড়ায় উঠলেও পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকবে।বিশেষ অতিথি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহকারী সমন্বয়কারী দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম বলেন, ‘আমি যখন নারী দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যাই, তখন অন্যরা হাসে। বলে, সেখানে তো তোমাদের কথা কেউ বলবে না। তখন বলি, অন্যরা যাতে আমাদের কথা বলে সে জন্যই যাই।’ ইডেন কলেজের ফারজানা ইয়াসমীন শোনালেন তাঁর বিয়ে ভেঙে দেওয়ার কাহিনি। বিয়ের সব আনুষ্ঠানিকতার প্রায় শেষ মুহূর্তে বরপক্ষ যৌতুক দাবি করে। যৌতুক না দিলে পাঁচ বছরেও তুলে নেবে না। ফারজানা ইয়াসমীন এর প্রতিবাদ করেন এবং নিজ থেকে বিয়ে ভেঙে দেন। আরেক অতিথি পর্বতারোহী নিশাত মজুমদার দৃঢ়তার সঙ্গে বলেন, চলতি বছরই দেশের মেয়েরা মাউন্ট এভারেস্টের চূড়ায় জাতীয় পতাকা ওড়াবে। তিনি বলেন, ইতিবাচক কাজ করতে গেলে গুটি কয়েক লোকের কাছ থেকে বাধা আসে, সহযোগিতা পাওয়া যায় অনেকের কাছ থেকে। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, তরুণ প্রজন্মের অনেক অর্জনের পাশাপাশি বঞ্চনার ইতিহাসও আছে। সমতাপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশের শেষ পর্বেতরুণীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।