তরুণীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
দক্ষিণখান এলাকায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে দেওয়ানপাড়া এলাকার বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে গতকাল সোমবার ভোরে শফিউল্লাহ নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। টঙ্গীর সরকারি হাসপাতালে তরুণীর চিকিৎসা চলছে।
তরুণীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ ও জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগছাস)।
গতকাল বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই সংগঠন থেমে থেমে সড়ক অবরোধ করে। প্রগতি সরণিসহ আশপাশের সড়কে যানজট দেখা দেয়। পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
ওই তরুণীর পরিচিত এক যুবক বলেন, উত্তরায় একটি পারলারে ২১ বছর বয়সী ওই গারো তরুণী কাজ করেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পর তাঁর ওপর প্রতিবেশী যুবক শফিউল্লাহ পাশবিক নির্যাতনের চেষ্টা করেন।