তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পালিয়েছেন
রাজধানীর পূর্ব রামপুরার জামতলা গলির একটি বাসা থেকে আজ বুধবার এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম লামিয়া আক্তার (১৯)।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো রফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মাস ছয়েক আগে লামিয়ার সঙ্গে হৃদয় নামের এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর তাঁরা জামতলা গলির ওই বাসায় ওঠেন। ছয়তলা বাসার চতুর্থ তলায় হৃদয় ও লামিয়া ছাড়াও শহীদুল নামের একজন ফল বিক্রেতা থাকতেন। লামিয়ার স্বামী হৃদয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না।
লামিয়ার বোন মাকসুদা আক্তার প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে তাঁরা জানতে পারেন, লামিয়া মারা গেছেন। এরপর তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
রামপুরা থানা জানিয়েছে, লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লামিয়াদের বাড়ি মুন্সীগঞ্জে। তাঁর স্বামী হৃদয়ের বাড়ি মাদারীপুরের কালকিনীতে।