তরুণীর রহস্যজনক মৃত্যু
মহাখালীতে ২০ বছর বয়সী এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম সোমাইয়া ইসলাম (জুঁই)। তিনি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রগুলো বলছে, মা রেহানা পারভিনের সঙ্গে বিরোধের জের ধরে মৃত্যুর এ ঘটনা ঘটেছে। সোমাইয়ার একাধিক বন্ধু বলেছেন, সপ্তাহখানেক আগে তিনি মায়ের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করার বিষয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেছিলেন। রেহানা পারভিন মেয়ের সঙ্গে বিরোধের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, মেয়ে সাধারণত সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘুমায়। কিন্তু গতকাল সকাল সাড়ে নয়টায় সন্দেহ হওয়ায় তিনি আত্মীয়স্বজনের পরামর্শে মিস্ত্রি ডেকে ঘরের দরজা ভেঙে দেখেন সোমাইয়া গলায় দুটি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।সোমাইয়ার বড় ভাই শহীদুল ইসলাম রায়হান জানান, দীর্ঘদিন ধরেই তাঁর মা সোমাইয়াকে মানসিকভাবে অত্যাচার করে আসছিলেন। সর্বশেষ তিনি তাঁদের পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। আজ শুক্রবার বিয়ের দিন ঠিক হওয়ার কথা ছিল। বিয়েতে সোমাইয়ার আপত্তি ছিল না, কিন্তু মায়ের কাছে কিছুটা সময় চেয়েছিল। বিরোধের কারণ ব্যাখ্যা করে শহীদুল জানান তাঁর বাবা জায়াদুল ইসলাম মৃত্যুর আগে যথেষ্ট সম্পত্তি রেখে গেছেন। ২০০৬ সালে বাবার মৃত্যুর বছরখানেক পর মা দ্বিতীয় বিয়ে করেন। মা দ্বিতীয় বিয়ে করলেও মহাখালীতে তাঁদের পুরোনো ছয়তলা বাড়িতে বসবাস করছিলেন। তিনি অভিযোগ করেন, সম্পত্তির লোভে তাঁদের মা সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং দ্রুত বাড়ি থেকে বের করে দিতে চাইছিলেন। পারিবারিক সূত্রগুলো বলছে, মহাখালীর এই বাড়িটি ছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জে জায়াদুল ইসলামের আরও তিনটি বাড়ি, একটি জর্দ্দা ফ্যাক্টরি ও বেশ কিছু ভূসম্পত্তি রয়েছে। বড় ছেলে শহীদুল প্রায় সাত মাস ধরে বাড়িতে থাকছেন না। অপর ভাই রাফসানুল ইসলাম একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে। শুধু সোমাইয়া মায়ের সঙ্গে ছিলেন।রেহানা পারভিন সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি উল্টো অভিযোগ করে বলেন, প্রথম স্বামীর আত্মীয়স্বজন কারসাজি করে সম্পত্তি দখলের চেষ্টা করছে। তারাই এসব কথা ছড়াচ্ছে। তিনি আরও বলেন, মেয়ে সোমাইয়া মাদকাসক্ত ছিল এবং ছেলে শহীদুল ইসলামও মাদকাসক্ত। তিনি জোর করে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেননি। রেহানাদের বাসায় অতিথি (পেয়িং গেস্ট) হিসেবে দুই বছর ধরে থাকছিলেন সোমাইয়ার এক ঘনিষ্ঠ বান্ধবী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সোমাইয়া মাদকাসক্ত ছিলেন না। তবে তুচ্ছ বিষয়ে তাঁর মা সোমাইয়াকে প্রায়ই মারধর করতেন। ওই বান্ধবী বিভিন্ন সময় সোমাইয়াকে ঘুমের ওষুধ খেতে দেখেছেন।রেহানার দুর্ব্যবহারের কারণে সোমাইয়ার বান্ধবী সম্প্রতি ওই বাড়ি ছেড়ে দিয়েছেন। কিন্তু সোমাইয়ার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। মৃত্যুর আগের দিন সোমাইয়া তাঁকে বাড়ি ছেড়ে পালিয়ে আসার কথা জানিয়েছিলেন। গুলশান থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামালউদ্দীন জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।