তরুণেরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। তবে প্রচলিত শিক্ষায় তা সম্ভব নয়। শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা ও দেশপ্রেমে উজ্জীবিত পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আনুষ্ঠানিক শিক্ষাজীবন শেষে বাস্তব জীবনে প্রবেশ করে আপনারা দেশের জন্য বয়ে আনবেন উন্নতি ও সমৃদ্ধি। আপনাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, তাকিয়ে আছে সারা পৃথিবী।’সমাবর্তন বক্তা হিসেবে প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, ‘আইনের শাসন আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। তবে জনগণ যদি সহযোগিতা না করে তবে আইনের শাসনের বাস্তবায়ন অসম্ভব হয়ে ওঠে।’আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম সফিউল্লাহ ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। সমাবর্তনে বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এক হাজার ১১৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে দুজন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য খান বাহাদুর আহ্ছানউল্লাহ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।