যুক্তিতর্কের মাধ্যমে শেষ হলো প্রথম আলো-এমজিজিএসডিসি (মতিঝিল সরকারি বালিকা স্কুল ডিবেটিং ক্লাব) তৃতীয় আন্তস্কুল ও দ্বিতীয় আন্তশিশু বিতর্ক প্রতিযোগিতা ২০১২। প্রতিযোগিতায় শিশু বিতর্কে বিজয়ী হয়েছে ওয়াইডব্লিউসিএ ডিবেটিং ক্লাব আর রানার আপ হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাব। অন্যদিকে স্কুল বিতর্কে বিজয়ী হয়েছে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় আর রানার আপ হয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাব।গতকাল সোমবার মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এক আলোচনা সভা শেষে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। ‘যুক্তিমঞ্চে রচিত হোক গণতন্ত্রের অঙ্গীকার, বিকশিত হোক সামষ্টিক অর্থনীতি’—এ স্লোগানে গত শনিবার মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তিন দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল। শিশু বিতর্কের চূড়ান্ত বিষয় ছিল, ‘অবাধ তথ্যপ্রবাহই পারে স্বাধীনতার প্রকৃত সুফল নিশ্চিত করতে।’ আর স্কুল বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে সুসংগঠিত করতে বৈদেশিক হস্তক্ষেপ প্রধান বাধা’। আলোচনা সভায় প্রথম আলোর সহকারী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আজকের তরুণদের মধ্য থেকেই আগামীতে দেশ পরিচালনার নেতৃত্ব বেরিয়ে আসবে। তোমরাই পারবে জাতিকে একটি নতুন দেশ উপহার দিতে। তাই তোমাদের অপেক্ষায় আছে দেশের মানুষ।’ মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিল আশ্রাফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, মতিঝিল সরকারি বালিকা স্কুল ডিবেটিং ক্লাবের সভাপতি সামিনা জাহান প্রমুখ।এবারের বিতর্কে রাজধানীর বাইরের দুটিসহ ১৬টি বিদ্যালয় ৩৫ দলে অংশ নিয়েছে। বিতর্ক অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রথম আলো অনলাইন ও এবিসি রেডিও।