তাজ মঞ্জিল থেকে আটক আরও চারজন রিমান্ডে
কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের বাড়ি থেকে আটক চারজনকে দুদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।
গতকাল তাজ মঞ্জিল নামের বাড়ি থেকে আটক মাজহারুল ইসলাম, মাহফুজুল আলম, মোমিন উদ্দিন ও জাকির হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মিরপুর থানার উপপরিদর্শক বজলার রহমান। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার বাড়ির মালিক মমতাজ পারভীনকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, ‘অপারেশন স্টর্ম-২৬’ নাম দিয়ে গত মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত জঙ্গিদের ভাড়া করা ওই বাসা বা আস্তানায় অভিযানটি চালানো হয়। ওই অভিযানে নয়জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই ওই বাসার ভাড়াটে ছিলেন। এই আসামিরা ঘটনার সময় ওই ভবনেই ছিলেন। তাঁদের আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে একই আদালতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের বাড়িভাড়া দেওয়া ও পুলিশের কাছে তথ্য গোপন করার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন আহসানের (সাময়িক বরখাস্ত) জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।