ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, ১৯৭২ সালের শুরু থেকে তাজউদ্দীন আহমদের প্রতি তাঁর দলের অসহিষ্ণুতা দেখে আসছি। প্রথম বাংলাদেশ সরকারকে তাঁরা গুরুত্ব দেন না।
আবুল কাশেম ফজলুল হক বলেন, দলের স্লোগান ছিল, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। কিছু দলীয় নেতার ধারণা ছিল, তাজউদ্দীন আহমদের কিংবা অন্য কোনো নেতার নাম সামনে এলে দলীয় ঐক্য বজায় থাকবে না। কিন্তু দলীয় ঐক্য রক্ষা পেয়েছিল কী!
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার’ শীর্ষক স্মারক বক্তৃতায় দেওয়া লিখিত বক্তব্যে আবুল কাশেম ফজলুল হক এসব কথা বলেন। তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড এই স্মারক বক্তৃতার আয়োজন করে।
আবুল কাশেম ফজলুল হক তাঁর বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরই সিনেট ভবনের বিদ্যুৎ চলে যায়। প্রায় ৪০ মিনিট চেষ্টা করেও সিনেট ভবনের জেনারেটর চালু করা সম্ভব হয়নি। এভাবে বিদ্যুৎবিহীন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অতিথিরা সবাই সিনেট ভবনের সামনের সিঁড়িতে বসে পড়েন। সেখানেই পুরো বক্তৃতাটি উপস্থাপিত হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি ও শারমীন আহমেদ, আমীর-উল-ইসলাম, ড. কামাল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত আছেন।