তাজরীন ফ্যাশনসের মালিককে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
আশুলিয়ার পোশাক কারখানা তাজরিন ফ্যাশনস লিমিটেডের মালিককে গ্রেপ্তার এবং ওয়ালমার্টের কাছ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ৭২ ঘণ্টার মধ্যে যুক্তিসংগত ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। এই দাবিতে গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনস লিমিটেডের কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ১১২ জন শ্রমিক মারা যান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান। বক্তব্যে তাজরীন ফ্যাশনসের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তোলা হয়। বলা হয়, শ্রমিকদের এ ধরনের মৃত্যুর দায় মালিককেই বহন করতে হবে। সংবাদ সম্মেলনে ২৫ জানুয়ারি শুক্রবার ঢাকায় শ্রমিক বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।