তাজরীনে অগ্নিকাণ্ডে দায়ীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার, শ্রমিকদের বকেয়া পরিশোধ, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শনিবার বিকেলে প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে নেতরা এ দাবি জানান। একই দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে নেতারা বলেন, তাজরীন ফ্যাশনসের মালিক-কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার জন্য এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। নেতারা বলেন, ‘আমরা জেনেছি, কারখানার শ্রমিকদের শুধু এক দিনের বেতন পরিশোধ করা হয়েছে। বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দেওয়া হয়নি।’ নেতারা নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে ন্যূনতম ১০ লাখ টাকা, আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ চিকিৎসা, চিকিৎসাকালে সবেতনে ছুটি ও পুনর্বাসনের দাবি জানান। একই সঙ্গে নিরাপদ কর্মস্থল নিশ্চিতে বহুতল ভবনের পরিবর্তে দোতলা পর্যন্ত কারখানা স্থাপন, কারখানা চালু অবস্থায় ফটক বন্ধ না রাখা, কারখানার মধ্যে বা নিচে গুদাম, বয়লার, জেনারেটর বা সাবস্টেশন স্থাপন না করা, বহির্গমনের পথ ও একাধিক সিঁড়ির ব্যবস্থা রাখার দাবি জানানো হয়। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগর কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, আবদুল মালেক, আইনজীবী মন্টু ঘোষ প্রমুখ বক্তব্য দেন। এর আগে গতকাল সকালে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এক সংবাদ সম্মেলনে সরকার, বিজিএমই ও বিকেএমইর প্রতি সাত দফা দাবি তুলে ধরেছে। সংগঠনের তোপখানা রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি মোশরেফা মিশু। এতে শ্রমিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি, নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ, নিহত শ্রমিকদের এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এ ছাড়া ১৮ ডিসেম্বর গণতান্ত্রিক বাম মোর্চা আহূত হরতালে তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তার ও বিচারের দাবি থাকায় হরতালের প্রতি তাঁদের সমর্থন জানানো হয়। অন্যদিকে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন তাজরীন ফ্যাশনসে নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। বিজ্ঞপ্তি।