তাজরীনের মালিককে গ্রেপ্তারের দাবি
তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিককে গ্রেপ্তার এবং নিহত প্রতিটি শ্রমিক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন ৪০টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা।গতকাল শনিবার রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই দাবি জানানো হয়। সভায় শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলো সংশোধন করে দ্রুত বাংলাদেশ শ্রম আইন পাস করার দাবি জানান শ্রমিকনেতারা।এর পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের জিএসপি (অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার) সুবিধা নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে মালিকপক্ষ এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। এ বিষয়ে শ্রমিকদের পক্ষ থেকে সব সহযোগিতারও প্রস্তাব দেওয়া হয়। শ্রমিকনেতারা বাংলাদেশে শ্রম অধিকার নিয়ে বাইরের দেশগুলোতে যে প্রচারণা আছে, তা আমলে নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি করেন। শ্রমিকনেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবুল হোসাইন, মাহবুবুর রহমান, লাভলী ইয়াসমিন প্রমুখ।গত ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানি ঘটে।