তাজিয়া মিছিলে দা-ছুরি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার স্বার্থে ঢাকায় তাজিয়া মিছিলে দা, কাঁচি, ছুরি ও পূজামণ্ডপে ব্যাগ ও দাহ্য পদার্থ না নিয়ে আসার অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

গতকাল বৃহস্পতিবার মিরপুর পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। ঢাকা মহানগর পুলিশের ডগ স্কোয়াড ‘কে-নাইন ইউনিট’-এর প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, দুর্গাপূজা, আশুরা ও ইংল্যান্ড ক্রিকেট টিমের বাংলাদেশ সফর উপলক্ষে রাজধানীতে সুদৃঢ় ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। থানা-পুলিশের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও জনগণের সহায়তা নিয়ে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ করা হবে।

 তাজিয়া মিছিল ও বিসর্জন একই দিনে হওয়ায় ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশনার জানান। পূজামণ্ডপে পুলিশের নজরদারি প্রসঙ্গে কমিশনার বলেন, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সিসিটিভি, আর্চওয়ে থাকবে। হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। নাশকতা এড়াতে পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে।

 বক্তব্য প্রদানকালে কমিশনার নিরাপত্তার স্বার্থে জনগণকে ব্যাগ ও দাহ্য পদার্থ নিয়ে না আসার অনুরোধ করেন এবং তল্লাশির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ সাহায্য করার আহ্বান করেন। পূজামণ্ডপে আলাদা প্রবেশ গেট ও বাহির গেট থাকবে। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন), শাহাব উদ্দীন কোরেশী, কাউন্টার টেররিজম, ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।