তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করার দাবি
বাংলাদেশ তামাকবিরোধী জোটের যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়েছেন বক্তারা। এ ছাড়া তামাক কোম্পানির সব বিজ্ঞাপন প্রচার বন্ধ, অবৈধ বিজ্ঞাপন প্রচারের জন্য তাদের শাস্তির আওতায় আনা এবং তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের জন্য ওই কোম্পানিগুলোকে সরাসরি শাস্তির আওতায় আনার দাবিও জানান তাঁরা। গতকাল শনিবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। এর আগে ধানমন্ডির ছায়ানট ভবন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনেও একই দাবি উৎকীর্ণ ছিল। বক্তারা বিড়ি-সিগারেটের মোড়কে ছবিসহ সতর্কবার্তা প্রকাশ এবং জনসমক্ষে ও গণপরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান। শোভাযাত্রায় সংগঠনের নেতা সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে অংশ নেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, জাতীয় অধূমপায়ী ফোরামের সিনিয়র সহসভাপতি এ এম মাহিদুল ইসলাম, রানির প্রধান ফজলুল হক খান, প্রত্যাশা মাদকবিরোধীর সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, মানবিকের উপদেষ্টা রফিকুল ইসলাম, বিআইসিডির নির্বাহী পরিচালক নাজমূল হুদাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।