তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে তামাক ব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিশ্বব্যাপী সমন্বিত তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক চুক্তি এফসিটিসির আলোকে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন জরুরি।তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন। ডব্লিউবিবি ট্রাস্ট গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ওই সভার আয়োজন করে।এতে বক্তারা বলেন, উন্নত বিশ্বে তামাকের বিরুদ্ধে জনমত বৃদ্ধি ও তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ বেড়ে যাওয়ায় তামাক কোম্পানিগুলো তৃতীয় বিশ্বকে তাদের মূল বাজার হিসেবে বেছে নিয়েছে। প্রতিবছর তামাকজনিত রোগে বিশ্বে ৪০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। এ অবস্থা চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ বছরে এক কোটি লোকের মৃত্যু হবে তামাকের কারণে, যার মধ্যে ৭০ লাখ লোক হবে তৃতীয় বিশ্বের।পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মোস্তফা জামান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শিক্ষক সোহেল রেজা চৌধুরী, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ আলোচনায় অংশ নেন।‘সিগাট’-এর মানববন্ধন: সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে ছয়টি বেসরকারি সংগঠনের জোট সিগারেটের বিরুদ্ধে সমমনা গোষ্ঠী (সিগাট)। গতকাল জাতীয় রাজস্ব ভবনের সামনে সিগাট আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে ওই দাবি জানানো হয়।মানববন্ধন শেষে ওই দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়। মানববন্ধন থেকে জানানো হয়, দেশে ধূমপানবিরোধী নানা ধরনের প্রচার অব্যাহত থাকা সত্ত্বেও সিগারেট সেবনকারীর হার ক্রমে বেড়ে চলছে। বর্তমানে বাংলাদেশে বছরে ৭০০ কোটি সিগারেট উৎপন্ন হচ্ছে। অথচ ১৯৯৭ সালে উৎপন্ন সিগারেটের সংখ্যা ছিল ১৫০ কোটি। সিগারেটের ওপর গত ছয় বছরে মাত্র এক শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।প্রসঙ্গত, বেসরকারি সংস্থা এমিনেন্স, নন-কমিউনিকেবল ডিজিস ফোরাম, আরটিএম ইন্টারন্যাশনাল, হেলথ ফাউন্ডেশন, ফারিয়া লারা ফাউন্ডেশন ও এ কে খান হেলথ কেয়ার ট্রাস্ট সমন্বয়ে সিগারেটের বিরুদ্ধে সমমনা গোষ্ঠী (সিগাট) গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।