তামাক নিয়ন্ত্রণ আইনে সংশোধনী আনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আইনটিতে সংশোধনী আনা জরুরি। সংশোধনীতে তামাকজাত পণ্যের মোড়কে সচিত্র সতর্কীকরণ বাণী স্থান পাবে বলেও আশ্বাস দেন।গতকাল বুধবার নগরের একটি অভিজাত হোটেলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এখনো তামাক নিয়ন্ত্রণ আইনের আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। আইনে সংশোধনী আনার পাশাপাশি বিড়ি, জর্দা, গুল ইত্যাদির মোড়কেও সচিত্র সতর্কবাণী থাকার ওপর তিনি গুরুত্ব দেন।আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ড্রাফটিং বিভাগ) নাসরিন বেগম তামাক কোম্পানিগুলোর সতর্কীকরণ বাণী দেখভালকারী স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।সভায় বক্তারা পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপানের শাস্তির দণ্ড বাড়ানো, বিড়ি, জর্দা, গুলকে তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা ও সচিত্র সতর্কবাণী দেওয়া, নতুন করে তামাক কারখানা স্থাপন করতে না দেওয়া এবং দেশে তামাক চাষ বন্ধ করার ওপরও গুরুত্ব দেন।সভায় সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি কাজী ফারুক। আলোচনায় অংশ নেন মানসের প্রেসিডেন্ট ডা. অরূপ রতন চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের মিডিয়া ও অ্যাডভোকেসি সমন্বয়কারী তাইফুর রহমান প্রমুখ।