তামাকজাত পণ্যে কর বাড়ানো সময়ের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম কম থাকায় দেশে তামাকজাত পণ্য এখনো সর্বস্তরের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। যথাযথ কর আরোপ না করায় এসব পণ্যের দাম বাড়ছে না। ফলে অতিমাত্রায় তামাক গ্রহণের প্রভাব সরাসরি পড়ছে স্বাস্থ্যের ওপর। বাজেটে তামাকজাত পণ্যে কর বাড়ানো এখন সময়ের দাবি।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘তামাকের ওপর কর বৃদ্ধি: পরিপ্রেক্ষিত বাজেট ২০১০-২০১১’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয় এ সংবাদ সম্মেলন আয়োজন করে। অনুষ্ঠানে সংস্থার জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, দেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যাচ্ছে। তিন লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করছে। এ ছাড়াও ক্যানসার, হূদরোগ, উচ্চ রক্তচাপ, যক্ষ্মাসহ ৩০টিরও বেশি রোগে প্রতিবছর অধিকাংশ মানুষ আক্রান্ত হচ্ছে। মাহফুজ কবির বলেন, ২০০৮-০৯ অর্থবছরে তামাক থেকে সরকারের রাজস্ব আয় হয় পাঁচ হাজার ৩৯৩ কোটি টাকা। অথচ তামাকজাত পণ্য গ্রহণ বা সেবনের ফলে যে ক্ষতি হয়, তা অনেক বেশি। এসব পণ্যের ব্যবহার কমাতেই এর ওপর কর বাড়ানো প্রয়োজন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, তামাক চাষ কমাতে এ ব্যাপারে ব্যাংক ঋণ দেওয়া বন্ধ করতে হবে। এ ছাড়া তামাক চাষ ও তামাকজাত পণ্য ব্যবহার কমাতে প্রচার বাড়ানো দরকার। সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন সমন্বয়ের প্রকল্প সমন্বয়কারী চিন্ময় মুৎসুদ্দী ও শাহীন উল আলম এবং অনুষ্ঠান কর্মকর্তা সুজানা করিম।