তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য-সতর্কবাণী প্রচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্যের মোড়কে এর ক্ষতিকর দিক-সম্পর্কিত সচিত্র স্বাস্থ্য-সতর্কবাণী সংযোজন বাধ্যতামূলক করার দাবি উঠেছে। দাবিটি জানিয়েছে এ দেশের ভোক্তা অধিকার রক্ষা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির পক্ষ থেকে তামাকজাত সব পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করে আইন তৈরির দাবিও করা হয়। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ক্যাব আয়োজিত সেমিনারে এসব দাবি জানানো হয়। জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ইকবাল মাসুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ জিয়াউল হক মৃধা, সুলতানা বুলবুল ও এম এস আকবর, ক্যাবের সভাপতি কাজী ফারুক প্রমুখ। ক্যাবের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, তামাক নিয়ন্ত্রণে ২০০৫ সালে প্রণীত আইনে বেশ কিছু দুর্বলতা রয়েছে। এতে সিগারেট সেবন এবং এর প্রচারের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হলেও তামাক পাতা, গুল ও জর্দার ব্যবহার সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। ফলে সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আইনটির নতুন খসড়া এরই মধ্যে চূড়ান্ত করেছে। সংশোধিত আইনে আগের সীমাবদ্ধতাগুলো থাকবে না বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী কামরুল ইসলাম আরও বলেন, ‘তামাকপণ্য ব্যবহারে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত সিগারেটের মোড়কে সচিত্র সতর্কবাণী যুক্ত করা হচ্ছে। আশা করি, আমাদের সংশোধিত আইনেও সচিত্র সতর্কবাণী বাধ্যতামূলক করা হবে।’ প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সিগারেটের মোড়কে লিখিতভাবে যে সতর্কবাণী রয়েছে, তা অল্প শিক্ষিত ও নিরক্ষর লোকজনের জন্য যথেষ্ট নয়। সচিত্র সতর্কবাণী মানুষ আরও সহজে বুঝতে পারবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী ইকবাল মাসুদ জানান, বর্তমানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রাজিলসহ ৪৩টি দেশ সিগারেটের মোড়কে সচিত্র স্বাস্থ্য-সতর্কবাণী প্রচার করছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান ও নেপালেও আইনটি কার্যকর করা হয়েছে। ৯৭ শতাংশ ধূমপায়ী সিগারেটের মোড়কে সচিত্র সতর্কবাণী থাকলে ধূমপান ত্যাগে অধিকতর উৎসাহিত হবে বলে ক্যাবের জরিপে দেখা গেছে। সাংসদ জিয়াউল হক বলেন, বিদ্যমান দুর্বল আইন দিয়ে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ অসম্ভব। তাই আইন সংশোধন করে তামাক চাষ নিষিদ্ধ করতে হবে। ঢাকাসহ সারা দেশে বড় বড় বিলবোর্ডের মাধ্যমে সচিত্র সতর্কবাণী প্রচার করতে হবে।