তার জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২৫ মার্চ। ঠিক বিকাল না, কিন্তু দিনের আলো কমে এসেছে। এমন সময় একটা জীর্ণ মুখ চোখে পড়ল। কাকের মাংস ছিঁড়ে খাচ্ছে। ১২-১৩ বছর বয়সী একটি মেয়ে। এটা দুর্ভিক্ষের দৃশ্য না, বাস্তব।’এভাবেই বললেন সঙ্ঘমিত্রা মজুমদার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। বুয়েট ক্যাম্পাসে এমন দৃশ্য দেখে মেয়েটির কাছে যান শিক্ষার্থী সঙ্ঘমিত্রা মজুমদারসহ কয়েকজন।সঙ্ঘমিত্রা বলেন, ‘আমরা প্রথমে মেয়েটির হাত থেকে কাকের পালক, মাংস সরিয়ে ওকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। কিন্তু অভিভাবক না থাকায় ভর্তি করতে আপত্তি জানায় কর্তৃপক্ষ। অনেক অনুরোধের পর ভর্তি হয়।’সেখানে পাঁচ দিন চিকিৎসা দেওয়ার পর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটি এখন সেখানেই আছে। হাসপাতালের সহযোগী অধ্যাপক মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মেয়েটির মানসিক বিপর্যয়ের মূল কারণ পুষ্টিহীনতা। সে অনেক দিন ক্ষুধার্ত ছিল। তার শরীরে আঘাতেরও চিহ্ন আছে। কিন্তু সে কিছুই বলতে পারে না। অভিভাবক না থাকায় মেয়েটির চিকিৎসা করা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, আসলে কী রকম পরিবেশে ছিল সে। এখন তার জন্য পারিবারিক পরিবেশটা খুব জরুরি। চিকিৎসক মুনতাসির মারুফ বলেন, মেয়েটির শারীরিক দুর্বলতা কাটতে সময় লাগবে। উদ্ধারকারীদের একজন রাজিবুল ইসলামকে মেয়েটি তার নাম পানসি বলে জানিয়েছে। বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বাবার নাম বলেছে হুমায়ুন কবির।