তারকা হোটেলে বৈশাখী আয়োজন
রাত পোহালেই পয়লা বৈশাখ। ১৪২২ সালকে বরণ করতে সবাই প্রস্তুত। বাংলা নববর্ষ উদ্যাপনে ঢাকার তারকা হোটেলগুলোও প্রস্তুতি নিয়েছে। দিনটিকে উপভোগ্য করতে দেশি খাবারের হরেক পরিবেশনাসহ তারা নানা আয়োজন সম্পন্ন করেছে।
ঢাকার কয়েকটি তারকা হোটেলের বৈশাখী আয়োজনের খোঁজ-খবর নিয়েছে প্রথম আলো। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনটি উপলক্ষে সাজসজ্জা ও খাবার পরিবেশনে দেশি ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।
হোটেল র্যাডিসন কর্তৃপক্ষ জানিয়েছে, অতিথিদের জন্য কাল দুপুর ও রাতে তারা বুফের আয়োজন করেছে। বুফেতে থাকবে নানা ধরনের মাছ ও সবজির ভর্তা। সর্ষের সসে টাটকা ইলিশ ভাজা তো আছেই। থাকবে পাবদা মাছের কোপ্তা কারি, গরু ও খাসির মাংসের কাবাব, কাঁচা আমের ডাল, কাজু বাদাম দিয়ে মুরগি ভুনা, চিংড়ির মসলা কারি এবং অ্ন্যান্য মজাদার খাবার।
হোটেলের সহকারী বিক্রয় ব্যবস্থাপক শারফুদ্দিন নাওয়াজ বলেন, উৎসবে দেশি খাবারসহ অন্য খাবার প্রচারের অংশ হিসেবে আমাদের এই আয়োজন।
হোটেল রেডিসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশাখে আগতদের জন্য মিষ্টি জাতীয় নানা খাবার থাকবে। এর মধ্যে জিলাপি, রসগোল্লা, রসমালাই, সন্দেশ, কদমা, বুন্দিয়া, অমৃতি, চমচম, গজা, পিঠা, দইচিড়া ইত্যাদি। বুফেতে জনপ্রতি খরচ পড়বে তিন হাজার ৬০০ টাকা।
বৈশাখ উদ্যাপনে দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলও নানা প্রস্তুতি নিয়েছে। এদিন হোটেলটিকে তারা দেশি ঐতিহ্যে সাজাবে। অতিথিরা হোটেলে এসে মুখরোচক নানা বাঙালি খাবারের স্বাদ নিতে পারবেন। সেই সঙ্গে মুখমণ্ডলে আঁকা ও আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করার সুযোগ থাকছে।
হোটেলের ‘সিজনাল টেস্ট’ রেস্টুরেন্ট অতিথিদের জন্য নানা ধরনের বাঙালি খাবারের পসরা বসাবে। বুফেতে থাকবে বিভিন্ন ধরনের ভর্তা, পোলাও, ইলিশসহ দেশি খাবারের আয়োজন। পয়লা বৈশাখে দেশি খাবারের স্বাদ নিতে ওয়েস্টিন ঢাকায় আসার জন্য আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক দানিয়েল মুহর।