যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে সরকারের ভেতরেই একটি শক্তি কাজ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান সরকারের টার্গেট কেন?’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন।মওদুদ আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে টানাপোড়েন ও বিশ্বজিৎ হত্যা যুদ্ধাপরাধের বিচার বানচালের ষড়যন্ত্র। প্রধানমন্ত্রী মাঝেমধ্যে সত্য কথা বলে ফেলেন। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে প্রধানমন্ত্রীর কোন মন্ত্রী ও আত্মীয় জড়িত, তা সারা বিশ্ব জানে। সবাই জানে, বিশ্বজিৎকে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করেছে। সুতরাং তারাই যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে।’বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করে চলে গেলে শেখ হাসিনার সরকার ‘হাঁফ ছেড়ে বাঁচবে’ বলে মন্তব্য করে মওদুদ বলেন, পদ্মা সেতু হোক, বিশ্ব ব্যাংক অর্থায়ন করুক, এই সরকার তা চায় না। কারণ বিশ্বব্যাংক দুর্নীতির পথ বন্ধ করে দিয়েছে।জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শান্তির মডেল’ প্রস্তাব গৃহীত হওয়া প্রসঙ্গে মওদুদ বলেন, ‘জাতিসংঘ মনে হয় জানে না, প্রধানমন্ত্রী দেশে অশান্তির মডেল কায়েম করেছেন। এটি জানলে হয়তো পুরস্কার দিত।’মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।