তারুণ্য, উচ্ছ্বাস আর উৎসব। বিজয় দিবস উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল এ তিনটি শব্দের অপূর্ব সম্মিলন। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর দিনব্যাপী অনুষ্ঠান ছিল ক্যাম্পাসজুড়ে। আর এগুলো ঘিরে তরুণ-তরুণীরা মেতেছিলেন উৎসবে। লাল-সবুজের পোশাকে আবৃত হয়ে তাঁরা মেতে ওঠেন বিজয়ানন্দে।ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, চলচ্চিত্র সংসদ, ডিবেটিং সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, ট্যুরিস্ট সোসাইটি, স্পন্দন ’৭১, স্লোগান ’৭১, সাংস্কৃতিক ইউনিয়ন, ব্যাকবেঞ্চারস—এ নয়টি সংগঠন দিবস উদ্যাপনে সম্মিলিত কর্মসূচি পালন করে। বুধবার রাত থেকেই শুরু করে তারা বিজয় দিবস উদ্যাপন। ৪০টি ফানুস উড়িয়ে বিজয়ের বার্তা ওড়ায় ঢাকা বিশ্ববিদ্যায় চলচ্চিত্র সংসদ। আর রাত ১২টা এক মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে আতশবাজি ফুটিয়ে বিজয়ের প্রথম প্রহর উদ্যাপন করে স্লোগান একাত্তর।গতকাল ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ছিল তাদেরই বিভিন্ন কর্মসূচিতে উৎসবমুখর। দিনব্যাপী দেশাত্মবোধক গান পরিবেশনের সঙ্গে সঙ্গে বিকেল চারটা ৩১ মিনিটে বিজয়মুহূর্ত উদ্যাপন ও দিনব্যাপী যুদ্ধাপরাধীদের প্রতিকৃতিতে ডার্ট নিক্ষেপের ব্যবস্থা করে তারা। সন্ধ্যায় টিএসসি চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করে তারা।এদিকে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত রসিক বাউল শিল্পীগোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে আয়োজন করে বিজয় দিবস উপলক্ষে বাউল সংগীতের অনুষ্ঠান। বাউল সংগীত পরিচালক ওস্তাদ জয়নাল আবেদীনের পরিচালনা ও শাহীনূর আলমের উপস্থাপনায় এ সংগীতের আয়োজন দর্শকেরা উপভোগ করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউল শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন।দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।