তারেক-কোকোর ঋণখেলাপি মামলার শুনানি ১৭ জানুয়ারি
খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে করা ঋণখেলাপির মামলার শুনানির দিন ১৭ জানুয়ারি ধার্য করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার অর্থঋণ আদালত-১-এর বিচারক রবিউজ্জামান এ আদেশ দেন।মামলার বিবাদী মোজাফ্ফর আহমেদ মারা যাওয়ায় তাঁর উত্তরাধিকারদের পক্ষ করতে গতকাল সোনালী ব্যাংক আবেদন করে। আবেদনের ওপর শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।গত ২ অক্টোবর সোনালী ব্যাংকের মতিঝিল শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বস্ত্র খাতের কোম্পানি ড্যান্ডি ডায়িং লিমিটেডের পরিচালক তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা ঋণখেলাপির অভিযোগে মামলাটি করেন। মামলায় অন্য বিবাদীরা হলেন: কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ এস্কান্দারের ছেলে শামস ও শাহীন, মেয়ে সুমাইয়া, স্ত্রী নাসরিন আহমেদ, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা, মোজাফ্ফর আহমেদ ও কাজী গালিব আবদুস সাত্তার।মামলার আরজিতে বলা হয়, ১৯৯২ সালে তিন কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে ড্যান্ডি ডায়িং। ১৯৯৩ সালের ৫ মে সোনালী ব্যাংক থেকে ১৩ কোটি ১৪ লাখ টাকা ঋণ গ্রহণ করে। ১৯৯৬ সালে সাঈদ এস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় ঋণ মঞ্জুর করে। ২০১০ সালের ৪ এপ্রিল ড্যান্ডি ডায়িংকে দেওয়া ঋণের পরিমাণ ৪২ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার টাকা। কিন্তু ঋণ গ্রহণের প্রথম থেকেই কোম্পানিটি খেলাপি হয়ে পড়ে। সোনালী ব্যাংক বিবাদী কোম্পানিকে কিস্তি পরিশোধের জন্য বারবার তাগাদা দিয়েও সাড়া পায়নি। তাই ঋণের টাকা আদায়ের জন্য আদালতে এই মামলা করা হয়।