তালা ভেঙে বই উদ্ধার করলেন ম্যাজিস্ট্রেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের নতুন বই তালাবদ্ধ করে রেখে চলে যান। আদালতের রায় নিয়ে একাডেমিতে ফিরে আসা বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের নতুন বই দিতে পারছিলেন না। গতকাল বৃহস্পতিবার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তালা ভেঙে বইগুলো উদ্ধার করেন। বইগুলো তালাবদ্ধ থাকায় আহমেদ বাওয়ানী একাডেমির ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী গতকাল পর্যন্ত নতুন বই পায়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, আদালতের রায় এবং কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা বেগম বইগুলো দুটি কক্ষে তালাবদ্ধ করে রেখে চাবি নিয়ে চলে যান। বইগুলো উদ্ধার করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। ওই আবেদনের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন, বংশাল থানার পুলিশ, পরিচালনা কমিটি ও শিক্ষকদের উপস্থিতিতে দুটি কক্ষের তালা ভেঙে বইগুলো উদ্ধার করা হয়। এরপর বইগুলো একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা আলমের কাছে হস্তান্তর করা হয়েছে।বই আটকে রাখার অভিযোগ অস্বীকার করে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা বেগম প্রথম আলোকে বলেন, তিনি বইয়ের কক্ষে তালা দেননি। তিনি বলেন, উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গত ২৪ ডিসেম্বর পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ অন্যরা হোসনে আরা আলমকে প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব বুঝিয়ে দেন। আহমেদ বাওয়ানী একাডেমির পরিচালনা আহ্বায়ক কমিটির চেয়ারম্যান মির্জা আবদুল খালেক প্রথম আলোকে বলেন, সাবেক অধ্যক্ষ রওশন আরা বেগম বইগুলো তালাবদ্ধ করে চলে যান। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট দপ্তরে বহুবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বইগুলো বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনে আরা আলম প্রথম আলোকে বলেন, বইগুলো বিতরণের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাল শনিবার শিক্ষার্থীদের মধ্যে এগুলো বিতরণ করা হবে বলে তিনি জানান।