ঢাকা বিশ্ববিদ্যালয়
তালা ভেঙেছে প্রশাসন, নীরব শিক্ষক সমিতি
কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাটি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।
কার্যালয়ে তালা দেওয়ার ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আসিফ নজরুল। গত বুধবার বিকেলে তাঁর কার্যালয়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা তিনটি তালা লাগিয়ে দেন। এ ঘটনার পর গতকাল তালা ভেঙে কার্যালয়টি আইন বিভাগকে বুঝিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া কার্যালয়ের বাইরে আসিফ নজরুলের বিরুদ্ধে ছাত্রলীগের লাগানো পোস্টারও অপসারণ করা হয়েছে।
অধ্যাপক আসিফ নজরুল গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, বুধবারের ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে তিনি একটি লিখিত আবেদন দিয়েছেন। তবে সেখানে কারও নাম উল্লেখ করে অভিযোগ করা হয়নি।
আইন বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে তালা লাগানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিএনপি–জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল গতকাল সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা বিবৃতি জানায়নি।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসটি প্রশ্নবিদ্ধ। এটি দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ বিক্ষুব্ধ হয়ে তালা দেওয়ার কাজটি করেছে। তবে এটি না করে তারা যদি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাইত, তাহলে ভালো হতো।’
এদিকে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলও ওই ঘটনায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি। কর্তৃপক্ষ এ বিষয়ে কতটা মনোযোগ দেয়, তা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ এই পরিস্থিতি স্মার্টলি হ্যান্ডেল করবে ও শিক্ষকের পক্ষে থাকবে।’
শিক্ষকের কার্যালয়ে তালা দেওয়া এবং পোস্টার লাগানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল গতকাল পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অধ্যাপক আসিফ নজরুল লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’ এই স্ট্যাটাসের জেরে গত বুধবার আসিফ নজরুলের আইন বিভাগের কার্যালয়ে তালা দেয় ছাত্রলীগ। কার্যালয়ের বাইরে টাঙানো কয়েকটি পোস্টারে তাঁকে ‘দেশদ্রোহী’, ‘তালেবানের দালাল’ ও ‘জঙ্গিবাদের মদদদাতা’ বলে অভিযুক্ত করে ছাত্রলীগ। অন্যদিকে তাঁকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করার দাবিতে রাজু ভাস্কর্যে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এ ছাড়া ওই দিন সন্ধ্যায় আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দেন ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা।
এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘সংশ্লিষ্ট সব পক্ষের কাছেই আমরা সহনশীল ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’
বিএনপির নিন্দা
অধ্যাপক আসিফ নজরুলের কার্যালয়ে তালা দেওয়া ও তাঁকে হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, এ ঘটনা মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রচণ্ড আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধিচর্চার স্থানে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।
মৌলিক অধিকার সুরক্ষা কমিটির বিবৃতি
এদিকে আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। কমিটির পক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশে ঘটে যাওয়া কোনো ঘটনার বিশ্লেষণ ও মতামত প্রকাশের স্বাধীনতা আমাদের সাংবিধানিক মৌলিক অধিকারের অংশ। একই সঙ্গে সেই মতামতের সঙ্গে দ্বিমত করা এবং প্রতিবাদ করাও প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। কিন্তু এর ফলে হুমকি, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ করা আইনের শাসনকে উপেক্ষা করার শামিল।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক আসিফ নজরুলের বিশ্ববিদ্যালয়ের কক্ষে জোরপূর্বক তালা মারা ও হুমকি দেওয়ার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং পরিস্থিতি যাতে আরও বিশৃঙ্খল না হয়, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব।
মৌলিক অধিকার সুরক্ষা কমিটি সবার বাক্স্বাধীনতা চর্চা করার সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার আহ্বান জানানোর পাশাপাশি এ ব্যাপারে রাষ্ট্রের এবং রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে।
প্রতিবাদ
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল এক বিবৃতিতে পরিষদ তদন্ত করে এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।