তালাকপ্রাপ্ত স্বামীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালাকপ্রাপ্ত স্বামী মানিক প্রকাশ্য ছুরিকাঘাতে খুন করেছে পোশাকশ্রমিক সুমী আক্তারকে (২০)। গতকাল বুধবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কুনিপাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, সুমীর সহকর্মীরা ছুরিসহ মানিককে আটক করে পুলিশে দিয়েছে। মানিক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত সুমী আক্তার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শেফাল পোশাককারখানার কর্মী। বেলা একটায় খাবারের বিরতির সময় সুমী হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় বলাকা ব্লেড কারখানার মোড়ে ছুরি হাতে এক যুবক সুমীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে বেলা পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুমীর সহকর্মী মোতালেব হোসেন বলেন, দুপুরের খাবারের বিরতি হলে অন্যদের মতো সুমীও খাবার খেতে বাসায় রওনা দেন। সুমী তাঁদের থেকে ৫০ গজ দূরে ছিলেন। চিৎকার শুনে তাঁরা দৌড়ে গিয়ে দেখেন সুমীর তালাকপ্রাপ্ত স্বামী মানিক তাঁকে রাস্তায় জাপটে ধরে এলোপাতাড়ি ছুরি মারছেন। সুমীর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছিল। তাঁরা রক্তমাখা ছুরিসহ মানিককে আটক করেন। সুমীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ওসি ওমর ফারুক বলেন, ২০১০ সালের ১০ এপ্রিল নরসিংদীর শিবপুরের বাসিন্দা মানিকের সঙ্গে সুমীর বিয়ে হয়। কিন্তু তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। তিন-চার মাস আগে সুমী মানিককে তালাক দেন। এতে মানিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর সুমী ঢাকায় এসে গার্মেন্টসে কাজ নেন।ওসি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক দাবি করেন, তিনি নরসিংদীতে থাকেন। তালাক দেওয়াটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সম্প্রতি তিনি স্ত্রীকে (সুমী) হত্যার পরিকল্পনা করেন। এর আগেও তিনি সুমীকে হত্যা করার জন্য ঢাকায় এসেছিলেন। কিন্তু ব্যর্থ হন।সুমী তেজগাঁও থানার ১৬/৪ দক্ষিণ কুনিপাড়ায় মেসে ভাড়া থাকতেন। তাঁর বাবার নাম মো. হানিফ মিয়া। গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে। সুমীর স্বজনেরা এলে এ ব্যাপারে মামলা হবে।লাশ উদ্ধার: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কাফরুল থানার পুলিশ ভাষানটেকের দক্ষিণ পাশের ধামালকোট প্রকল্পের একটি জলাশয় থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে। তাঁর পরনে সালোয়ার ও কামিজ ছিল। এ ব্যাপারে কাফরুল থানায় হত্যা মামলা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে হত্যার পর ওই নারীকে জলাশয়ের মধ্যে ফেলে গেছে খুনিরা। লাশটিতে পচন ধরেছিল।