তালিকা হয়নি বলেই শহরের দরিদ্র কর্মজীবী মায়েরা ভাতা পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের দরিদ্র কর্মজীবী মায়েদের আর্থিক সহায়তার জন্য সরকার প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে চলতি অর্থবছরে ৩০ কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়েছে। তালিকা তৈরি হয়নি বলে মায়েরা সেই সহায়তা পাচ্ছেন না, অথচ অর্থবছর শেষ হতে চার মাস বাকি। চূড়ান্ত তালিকা তৈরি ও অন্যান্য কাজ শেষ করে ‘কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের সহায়তা তহবিল’-এর টাকা মায়েরা কবে পাবেন, তা সংশ্লিষ্ট কর্মকর্তারা ঠিক করে বলতে পারছেন না।তবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, চলতি মাসের মধ্যেই এ কার্যক্রমটি চালু হচ্ছে।গ্রামীণ মায়েদের জন্য বিভিন্ন ভাতা কার্যক্রম থাকলেও এই প্রথম শহুরে মায়েদের জন্য এ ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা অনুযায়ী, গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্মদানের পর ২৪ মাস পর্যন্ত ভাতা ও সচেতনতামূলক সেবা পাবেন মায়েরা। গর্ভবতী মায়ের বয়স ২০ বছরের বেশি হতে হবে। তাঁর মাসিক আয় পাঁচ হাজার টাকা বা এর কম এবং আয়ের অন্য কোনো উৎস থাকবে না। একজন মা প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকালে কোনো একবার এ সুযোগ পাবেন। প্রতিবন্ধী মায়েরা অগ্রাধিকার পাবেন। সন্তান দুই বছরের মধ্যে মারা গেলে মা পুরো সময়ের ভাতাই পাবেন। মা মারা গেলে ভাতা বন্ধ হয়ে যাবে। তবে শিশু জীবিত থাকলে শিশুর বৈধ অভিভাবক এ ভাতা পাবেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কর্মসূচির মূল লক্ষ্য মা ও শিশুমৃত্যু হার কমানো, বুকের দুধ খাওয়ানোর হার বাড়ানো, বিভিন্ন পর্যায়ে মায়ের সেবা বাড়ানো, পুষ্টির মানের উন্নতি করা ইত্যাদি।সব শর্ত পূরণ করলে মায়েদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। সরকার তাঁকে মাসে ৩৫০ টাকা করে দেবে। বছরে দুই কিস্তিতে এই টাকা দেওয়া হবে। মহিলাবিষয়ক অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আওতাভুক্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন পোশাকশিল্প কারখানার নারীশ্রমিকেরা এ সুবিধা পাবেন।শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথমে নির্মাণশিল্প শ্রমিকদের কথা চিন্তা করা হয়েছিল। কিন্তু এ খাতে কর্মরত নারীরা ভাসমান। তাই ব্যবস্থাপনার সুবিধার জন্য পোশাকশিল্প শ্রমিকদের এই কর্মসূচির আওতায় নেওয়া হয়েছে।মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক নিজামউদ্দিন-আল হোসাইনী প্রথম আলোকে বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ প্রশিক্ষণে এনজিওদের সম্পৃক্ত করার ব্যাপারে আপত্তি তোলে। তারা নিজেরাই প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করে। অর্থ মন্ত্রণালয় অধিদপ্তরকে কাজটি করতে বলেছে। এ ব্যাপারে বিজিএমইএর প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদী বলেন, কোন মায়েরা এই ভাতা পাবেন, তা যাচাই-বাছাইয়ে কিছুটা সময় লাগছে।বিকেএমইএর প্রেসিডেন্ট এ কে এম সেলিম ওসমান বলেন, সদস্যদের কাছে যোগ্য মায়েদের তালিকা চাওয়া হয়েছে।