তালিপামের নতুন যাত্রা
জীবনের পথে নতুন যাত্রা শুরু করল বিলুপ্তপ্রায় গাছ তালিপাম। মা গাছটি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চারাগুলোর অবস্থানের পরিবর্তনও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের বাসভবন থেকে নতুন চারার জায়গা হলো উপাচার্যের বাসভবনে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় উপাচার্য ভবন চত্বরে রোপণ করা হয়েছে তালিপামের দুটি চারা। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে তালিপামের নতুন করে বংশ বিস্তারের কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক চারা দুটি রোপণ করেন।চারা রোপণ অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, পরিবেশ রক্ষার্থে বর্তমান সরকার সারা দেশে ১০ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শহরাঞ্চলে বেশি করে গাছ গালানোর ওপর জোর দেন তিনি। পরিবেশ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গাছ লাগাতে জনগণকে যেমন উদ্বুদ্ধ করতে হবে, ঠিক তেমনিই নিজেদেরও এ কাজে আগ্রহী হতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোষাধ্যক্ষ মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবরিকালচার দপ্তরের তত্ত্বাবধায়ক সৈয়দ হাদিউজ্জামান, প্রধান বন সংরক্ষক আবদুল মুত্তালিব প্রমুখ।উল্লেখ্য, তালিপাম গাছটি প্রায় ৭০ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ভবন চত্বরে প্রাকৃতিক পরিবেশে জন্মেছিল। এটি ছিল প্রাকৃতিক পরিবেশে জন্মানো পৃথিবীর একমাত্র তালিপাম গাছ। ফুল ফোটার পর এ গাছটি সম্প্রতি মারা যায়। মালি জাহাঙ্গীর আলম বিরল প্রজাতির এই গাছের বীজ সংরক্ষণ করে এবং তা থেকে চারা উৎপন্ন করেন।