তিতাস নদ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বেআইনি দখল ও দূষণ থেকে তিতাস নদ রক্ষায় নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা হক গত ৩০ নভেম্বর রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবী এ কিউ এম সোহেল রানা প্রথম আলোকে বলেন, তিতাস নদের দখল-দূষণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়। নদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশও পাঠানো হয়। তবে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না দেখে রিটটি করা হয়েছে। হাইকোর্ট আগামী ৯০ দিনের মধ্যে দখলদারদের তালিকা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্দেশ দিয়েছেন।

রুলে তিতাস নদের বেআইনি দখল, দূষণ রোধ এবং সিএস-আরএস ম্যাপ অনুসারে নদটির সীমানা নির্ধারণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নদের সীমানার ভেতরে গড়া বেআইনি স্থাপনা দখলদারদের খরচায় ভাঙতে এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ কেন দেওয়া হবে না, তা–ও রুলে জানতে চাওয়া হয়েছে।

ভূমিসচিব, পরিবেশসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ১১ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।