তিতাসের পদ্ধতিগত লোকসান শূন্যের কোটায় নামার দাবি
তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) শূন্যের কোটায় নেমেছে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্ধতিগত লোকসান কমা ছাড়াও কোম্পানির রাজস্ব আদায়ও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। সরকারি কোষাগারে অর্থ প্রদানও বেড়েছে প্রায় ৭২ শতাংশ।তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫-০৬ অর্থবছরে তিতাসের পদ্ধতিগত লোকসান ছিল ছয় দশমিক ৪৭ শতাংশ। এখন কোনো পদ্ধতিগত লোকসান নেই। ওই একই বছর কোম্পানির রাজস্ব আদায়ের পরিমাণ ছিল তিন হাজার ৩৯১ কোটি ৭৮ লাখ টাকা। ২০০৯-১০ অর্থবছরে তা বেড়ে হয় ছয় হাজার ৩০৪ কোটি ৬৪ লাখ টাকা।তিতাস ২০০৫-০৬ অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে মোট ২৫০ কোটি ৫৯ লাখ টাকা জমা দেয় যা ২০০৯-১০ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৪৩০ কোটি ৪৬ লাখ টাকা।তিতাস দেশের সবচেয়ে বড় বিতরণ কোম্পানি। তিতাসের বিতরণ এলাকা বৃহত্তর ঢাকা-ময়মনসিংহ অঞ্চলজুড়ে বিস্তৃত। দেশে বর্তমানে মোট যে পরিমাণ গ্যাস প্রতিদিন বিতরণ করা হয় (প্রায় ২০০ কোটি ঘনফুট), তার প্রায় তিন-চতুর্থাংশ (১৪৫ কোটি ঘনফুট) বিতরণ করে তিতাস। বিজ্ঞপ্তি।