তিতুমীর কলেজের ছাত্রদের সড়ক অবরোধ
পানশালায় ভাঙচুরের ঘটনায় গত মঙ্গলবার রাতে আটক ২৬ ছাত্রকে ছেড়ে দেওয়ার দাবিতে গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিতুমীর কলেজের ছাত্ররা মহাখালী-গুলশান সড়কটি অবরোধ করে। এ সময় ছাত্রদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।ছাত্রদের বিক্ষোভের মুখে গতকাল দুপুরের দিকে পুলিশ আটক ছাত্রদের ছেড়ে দেয়।পুলিশ ও ছাত্ররা জানান, গত মঙ্গলবার রাতে তিতুমীর কলেজের উল্টো দিকে পর্যটন করপোরেশনের মালিকানাধীন রুচিতা বারে মদপান করতে যান চার-পাঁচজন ছাত্র। বেরিয়ে আসার সময় বিলের টাকা নিয়ে রুচিতার কর্মীদের সঙ্গে ছাত্রদের বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর ছাত্ররা ছাত্রাবাসে গিয়ে বন্ধু ও সতীর্থদের নিয়ে এসে পানশালায় ভাঙচুর চালান। রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ ২৬ জন ছাত্রকে আটক করে।এ ঘটনার জের ধরে গতকাল সকাল থেকে কলেজে বিক্ষোভ শুরু হয়। ১১টার দিকে কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজের নেতৃত্বে একদল শিক্ষক কথা বলতে পুলিশের উপকমিশনারের কার্যালয়ে যান। তারপর রাস্তা অবরোধ করেন ছাত্ররা। তার আগে পুলিশ গুলশান ১ নম্বর থেকে মহাখালীর আমতলী পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ছাত্রদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে ছাত্ররা ইটপাটকেল নিক্ষেপ করে। এভাবে চলে অন্তত দুই ঘণ্টা। বিকেল চারটার দিকে কলেজের অধ্যক্ষ ও পুলিশ কর্মকর্তারা এসে আটক ছাত্রদের মুক্তি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা অবরোধ তুলে নেন। ছাত্রদের ছোড়া ইটপাটকেলে আশপাশের কয়েকটি ভবন ও একটি টিভি চ্যানেলের গাড়ির কাচ ভেঙে গেছে।অধ্যক্ষ দিলারা হাফিজ সাংবাদিকদের বলেন, এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মদের বার থাকা গ্রহণযোগ্য নয়। ছাত্ররা পুলিশের কয়েকজন কর্মকর্তাকে ঘটনার জন্য দায়ী করে বলেন, পুলিশ কর্মকর্তারা বাড়াবাড়ি করেছেন। তাঁরা ছাত্রাবাসে ঢুকে ছাত্রদের পাশাপাশি কয়েকজন শিক্ষককে মারধর করেছেন। পুলিশের গুলশান বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহনেওয়াজ খালেদ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিলে অনেক জানমালের ক্ষতি হতে পারত। সে জন্য পুলিশ ছাত্রদের আটক করে।ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ সহযোগী অধ্যাপক এ বি এম আবদুল হালিমকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।পর্যটন করপোরেশনের পরিচালক (অর্থ) জামাল আবদুন নাসের বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।