তিন অপহরণকারী এবং অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থানার পুলিশ গত রোববার তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি জব্দ করেছে। একই রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা টঙ্গীতে অভিযান চালিয়ে একটি শার্টারগানসহ ছিনতাইকারী আলমগীরকে গ্রেপ্তার করেন।পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শামীম মিয়া (৩৪) নামের এক ব্যক্তি বনানীর আমতলায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রাইভেট কার নিয়ে আসা তিন সন্ত্রাসী শামীম মিয়াকে ঘিরে ধরে এবং তাদের হাতে থাকা একটি ওয়াকিটকি দেখিয়ে নিজেদের আইনের লোক পরিচয় দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে মারধর করে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।খিলক্ষেত থানার পুলিশ জানায়, অপহরণের কাজে ব্যবহার করা গাড়িটি নিকুঞ্জ-১ আবাসিক এলাকার ২ নম্বর ফটকের সামনে দাঁড়ালে গাড়ির পেছনের ডালা থেকে শব্দ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশ ডালাটি খুলে অপহূত শামীমকে উদ্ধার করে। পরে তিন অপহরণকারী এ কে এম মাসুদ পারভেজ, শাহ আলম পারভেজ ও দুলাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি কালো ওয়াকিটকি, একটি ধারালো অস্ত্র ও অপহরণের কাজে ব্যবহার করা গাড়ি জব্দ করা হয়।শামীমের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, শামীমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার উত্তর জালালাবাদে। ঘটনার সময় তিনি গ্রামে বাড়িতে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায় মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করে।এদিকে র্যাব-১-এর একটি দল রোববার রাত সাড়ে ১২টায় টঙ্গীর সাতাইশ মোড়ে পৌঁছালে ছিনতাইকারীরা র্যাব সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা চালায়। র্যাবের সদস্যরা গুলি ছুড়লে ছিনতাইকারী দলের সদস্য আলমগীর গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং তার সহযোগীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলমগীরের কাছ থেকে একটি শার্টারগান দুটি গুলি ও চারটি ধারালো চাকু জব্দ করা হয়। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।