তিন অপারেটর টাকা জমা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মুঠোফোন অপারেটর দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের অর্থের দ্বিতীয় কিস্তি হিসেবে ভ্যাটসহ দুই হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা জমা দিয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে গ্রামীণফোন, বাংলালিংক ও রবির প্রতিনিধিরা অর্থ জমা দেন। তবে তহবিল জোগাড় করতে না পারায় অর্থ জমা দিতে পারেনি সিটিসেল। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রামীণফোন এক হাজার ৮০ কোটি ৯৪ লাখ টাকা, বাংলালিংক ৬৫৭ কোটি ৫৩ লাখ টাকা এবং রবি ৬৩৩ কোটি ৯২ লাখ টাকা জমা দিয়েছে।জিয়া আহমেদ জানান, সিটিসেলের ভ্যাটসহ প্রায় দেড় শ কোটি টাকা জমা দেওয়ার কথা ছিল। তারা পরে বিলম্ব ফিসহ টাকা জমা দিতে পারবে।সিটিসেলের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, তহবিল জোগাড় না হওয়ায় অর্থ জমা দেওয়া হয়নি। এ বিষয়ে বিটিআরসিকে জানিয়ে ও বাড়তি সময় চেয়ে চিঠি লেখা হয়েছে।লাইসেন্স নবায়নের জন্য চার অপারেটরকে প্রায় সাত হাজার ৫৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। এর মধ্যে গত নভেম্বরে প্রথম কিস্তির তিন হাজার ১৮৪ কোটি ২৪ লাখ টাকা জমা দেয় তারা। বকেয়ার বিষয়ে জিয়া আহমেদ বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন।